চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর ভাঙনকবলিত এলাকাগুলো স্থায়ীভাবে রক্ষায় প্রায় ২৫ কিলোমিটারজুড়ে নদী রক্ষা বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭০০ কোটি টাকা।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের দোভাগী ঝাইলপাড়া এলাকায় নদী ভাঙন এলাকা পরিদর্শন শেষে এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ. ন. ম. বজলুর রশীদ।
তিনি বলেন, “গত কয়েক বছর ধরে এই ভারতীয় সীমান্তঘেঁষা এলাকাগুলোতে নদীভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্যে পদ্মার অন্যান্য অংশে পাড় বাঁধাইয়ের কাজ শেষ হয়েছে। বাকি থাকা ২৫ কিলোমিটার এলাকার জন্য স্থায়ীভাবে বাঁধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে এবং সম্ভাব্যতা যাচাইও সম্পন্ন হয়েছে। সরকার অনুমোদন দিলে দ্রুত সময়ের মধ্যেই কাজ শুরু করা যাবে।”
তিনি আরও বলেন, এই বাঁধ নির্মাণের ফলে ফসলি জমি ও বসতবাড়ি রক্ষা পাবে এবং পদ্মার আর কোনো অংশেই নদীভাঙনের শঙ্কা থাকবে না।
এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, “প্রকল্পের আওতায় সদর ও শিবগঞ্জ উপজেলার মোট ২৫ কিলোমিটার এলাকায় বাঁধ নির্মাণ করা হবে। এর মধ্যে ৪ কিলোমিটার নদী ড্রেজিংয়ের কাজও অন্তর্ভুক্ত রয়েছে। আমরা আশা করছি, বর্ষা মৌসুমের আগেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন পেয়ে যাব।”
নদী পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী প্রমুখ।
স্থানীয়রা আশা করছেন, দীর্ঘদিনের নদীভাঙনের আতঙ্ক থেকে মুক্তি মিলবে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 















