কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি সিএনজি জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
র্যাব সূত্র জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গত ৩ মে দিবাগত রাত আনুমানিক ৩টা ২০ মিনিটে পালংখালী ইউনিয়ন-এর বালুখালী মরাগাছতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন মাদক কারবারি একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিল। তথ্যের ভিত্তিতে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কারবারিরা একটি সিএনজি ও একটি সাদা বাজারের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরে পরিত্যক্ত ব্যাগ তল্লাশি করে ২৫০টি এয়ারটাইট পলিপ্যাক উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে মোট ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
উদ্ধার হওয়া ইয়াবা ও জব্দকৃত সিএনজিসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা-য় হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৫ জানিয়েছে, সমাজ ও তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
রিফাত হাসান, বিশেষ প্রতিবেদক (উখিয়া) 














