বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান! শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী অবশেষে বাংলাদেশে আসছেন আগামী ১৭ মার্চ। তবে সরাসরি ঢাকায় নয়, তিনি প্রথমে যাবেন তার পৈতৃক নিবাস হবিগঞ্জে। একদিন সেখানে কাটিয়ে ১৮ মার্চ ঢাকায় এসে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার।
আগে থেকেই গুঞ্জন চলছিল, কবে দেশে আসবেন হামজা? অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চূড়ান্ত করেছে তার আগমনের সময়সূচি। লন্ডন থেকে বাংলাদেশ বিমানে ১৭ মার্চ সকালে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামবেন তিনি। বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, তার টিকিটসহ সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করেছে বাফুফে।
হামজা চৌধুরীর বাংলাদেশে আসার পরিকল্পনায় কিছু বিকল্প প্রস্তাব দিয়েছিল বাফুফে। তবে তিনি ও তার পরিবার সরাসরি ঢাকায় না এসে প্রথমে হবিগঞ্জ যাওয়ার সিদ্ধান্ত নেন। ইংল্যান্ডে বেড়ে উঠলেও বাংলাদেশের প্রতি টান থেকেই পৈতৃক ভিটেতে একদিন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরপরই দলের সঙ্গে যোগ দেবেন ঢাকায়।
হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়ার কথা ২৫ মার্চ। ওইদিন এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে, জাতীয় দলের ফুটবলাররা ঢাকায় অনুশীলন শেষে সৌদি আরবে কন্ডিশনিং ক্যাম্প করবে। সেখান থেকেই তারা খেলতে যাবে ভারতে।
হামজা চৌধুরীর আগমনের দিন থেকেই বাফুফে তাকে রাজসিক অভ্যর্থনা দেওয়ার পরিকল্পনা করছে। পরিবারের সঙ্গে তার স্ত্রী ও সন্তানও এ সফরে আসতে পারেন। তাই আয়োজনকে বিশেষভাবে সাজাতে চায় ফেডারেশন।
বাংলাদেশি ফুটবল সমর্থকদের চোখ এখন ১৭ মার্চের দিকে। হামজা চৌধুরীর লাল-সবুজের জার্সিতে মাঠে নামার সেই মাহেন্দ্রক্ষণ ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা।
ক্রীড়া ডেস্ক 















