নিজস্ব প্রতিবেদক
ঘোষণার অপেক্ষায় আছে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটি। চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা হবে যুবদলের আংশিক কমিটি।
গত ১৩ জুন বৃহস্পতিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চারটি মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। উল্লিখিত বিলুপ্তকৃত কমিটিসমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে বিঞ্জপ্তিতে জানানো হয়।
দলের অভ্যন্তরীণ একটি সূত্র জানায়, মোনায়েম মুন্না ও নূরুল ইসলাম নয়নকে দিয়ে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে যাচ্ছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে ইকবাল হোসেন শ্যামলকে দেখা যেতে পারে।
২০২২ সালের ২২ মে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ৮ সদস্যের আংশিক কমিটি দিয়েছিল বিএনপি। ৯ মাস পর ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী যুবদলের ২৫১ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়।
প্রসঙ্গত, রাজপথে আবারও নতুন উদ্যমে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। ২৮ ডিসেম্বরের পর দলটির বর্তমান নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠায় নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নেয় বিএনপি। গত দুই দশক ধরে রাজপথে থেকে অনেকটা ক্লান্ত দলটির নেতাকর্মীদের চাঙা করতে নেওয়া হচ্ছে আরও নানা কর্মসূচি। সংগঠনে গতি আনতে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দলটির হাইকমান্ড। দলের গুরুত্বপূর্ণ সংগঠনগুলো ঢেলে সাজানোর প্রক্রিয়া এরই মধ্যে দৃশ্যমান।
নিজস্ব প্রতিবেদক 















