নিজস্ব প্রতিবেদক
নাশকতার মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার একটি মামলায় দুই বছরের সাজা ও ২৪টি মামলার ওয়ারেন্ট নিয়ে ঢাকা সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আকরামুল হাসান। তার পক্ষে আইনজীবী ইলতুতমিস সওদাগর এনি আদালতের জামিনের শুনানি করেন। শুনানি শেষে আদালত আসামির জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০১৭ সালে দায়ের করা পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পল্টন থানার করা মামলায় (মামলা নং- ৪৬/১০/১৭) যুবদলের সভাপতি সুলতাল সালাহ উদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রাজিব আহসান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ২৫ জনের দুই বছরের সাজা দিয়েছিল আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ রায় ঘোষণা করেছিলো।
কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেকের পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। জরিমানা অনাদায়ে তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারসহ ১২ জনকে খালাস প্রদান করেছিলো আদালত।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয় হয়ে ফেনী যাবেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে আসামিরা পুলিশের কাজে বাধা দেন। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পল্টন মডেল থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
২০১৯ সালের ৬ আগস্ট বিএনপির যুগ্ম মহাসচিব হাবীবুন নবী খানসহ ৪০ জনের নামে চার্জশিট দাখিল করেন। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় বিভিন্ন সময় পাঁচজন আদালতে সাক্ষ্য দেন।
নিজস্ব প্রতিবেদক 













