আরাফাতুল হক চৌধুুরী, জবি প্রতিনিধি
সম্পন্ন হলো গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। শুক্রবার রাজধানীসহ সারাদেশের কেন্দ্রগুলোতে একযোগে শুরু হওয়া এক ঘণ্টার এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২ টায়। পরীক্ষার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতার জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে হেল্পডেস্ক বসায় জবির চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ।
শুক্রবার (৩রা মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীতে বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাাকায় এই হেল্প ডেস্ক স্থাপন করেন জবিতে অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের তথ্য সহায়তা, টোকেনের মাধ্যমে বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ গচ্ছিত রাখা, বিশুদ্ধ পানি ও স্যালাইন সরবরাহসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছে চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ। তীব্র রোধ ও গরম উপেক্ষা করে দূর দূরান্ত থেকে আসা শতাধিক ভর্তি পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর এক চমৎকার নজির স্থাপন করে জবির এ সংগঠনটি। পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্ত থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থী ও অভিভাবকদের সার্বক্ষণিক সহযোগিতায় ছিল সংগঠনের সদস্যবৃন্দ।
চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি কামরুল ইসলাম বলেন, প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম জেলা ছাত্র কল্যাণ পরিষদ জবির পক্ষ থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য হেল্প-ডেস্ক বসানো হয়েছে। আমরা হেল্প ডেস্কে মূলত ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের তথ্যসেবা দিয়ে থাকি। এর পাশাপাশি হেল্প ডেস্কে আমরা মোবাইল, ঘড়ি, ব্যাগ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস যা পরীক্ষার হলে বহন করা যায় না, তা জমা রাখি।
তিনি আরও বলেন, বিগত ২৭ এপ্রিল বিজ্ঞান অনুষদের পরীক্ষার দিন আমাদের হেল্পডেক্স বসেছিলো। আগামী ১০ মে গুচ্ছ ‘সি’ ইউনিটের পরীক্ষার দিনেও আমাদের সংগঠন থেকে এ সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।
উক্ত সেবা দান কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা কল্যাণ পরিষদের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক অনিন্দিতা পাল, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দীন, প্রচার সম্পাদক মইন উদ্দীন, অর্থ সম্পাদক ইমন আহমেদ এবং ত্রাণ ও দুর্যোগ সম্পাদক আবরার হাবিবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
নিজস্ব প্রতিবেদক 














