দীর্ঘ নয় বছর পর বান্দরবান জেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নতুন কমিটি ঘোষণাকে ঘিরে বিরোধ দেখা দিয়েছে। ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করার অভিযোগে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।
আজ সোমবার সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেন ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়। ফলে প্রায় এক ঘণ্টা প্রেস ক্লাবসংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ থাকে।
ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি জসীম উদ্দিন, জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার নাথ এবং ত্যাগী নেতা অরুণ ময় প্রমুখ।
বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন কমিটিতে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। বিশেষ করে ফরহাদ হোসেন জিকুকে আহ্বায়ক করাকে তারা ‘বিতর্কিত’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। তাঁদের দাবি, তিনি বর্তমানে ছাত্র রাজনীতির সঙ্গে সক্রিয় নন এবং অছাত্র হওয়া সত্ত্বেও তাকে গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে।
সাবেক সহসভাপতি জয়নাল আবেদীন বলেন, ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে গঠিত এই কমিটি তারা মানেন না। কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিতর্কিত কমিটি বাতিল করে প্রকৃত ছাত্র ও ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে নতুন কমিটি গঠন করতে হবে।
গত ২ মে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরে ১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে সদস্যসচিব করা হয় শহিদুল ইসলামকে। সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন অংস্লাহা মারমা এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন ত্রিপুরা, রিদওয়ানুল হক, আবুল কালাম আজাদ, কাউসার ইসলাম, মিঠুন কান্তি দাস, মো. রবিউল হোসেন ইরান ও মোহাম্মদ শেফায়েত হোসেন তারেক।
বিক্ষোভকারী নেতাকর্মীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
অরুণা চাকমা, বান্দরবান প্রতিনিধি 















