বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) এক কমান্ডারসহ দুই সদস্য নিহত হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চলমান অভিযানের অংশ হিসেবে সেনাবাহিনী ওই এলাকায় অভিযান চালিয়ে তিনটি এসএমজি, একটি রাইফেল ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করে। এ সময় কেএনএ সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির ঘটনায় কেএনএর এক কমান্ডারসহ দুই সন্ত্রাসী নিহত হয়।
আইএসপিআর জানিয়েছে, পাহাড়ে সন্ত্রাসী তৎপরতা নিয়ন্ত্রণ এবং স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান চলমান থাকবে। এছাড়া, কেএনএ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান এখনো অব্যাহত রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
নিউজ ডেস্ক 











