ডেস্ক নিউজ
আজ ২৫ ডিসেম্বর, বড় দিন। খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আজ। মহিমান্বিত এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট বর্তমান ফিলিস্তিনের বেথলেহেম শহরের একটি আস্তাবলে জন্মগ্রহণ করেন। সারা পৃথিবীর কোটি কোটি খ্রিষ্টধর্মাবলম্বীদের কাছে দিনটি পবিত্র ও আনন্দের।
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালিত হচ্ছে। আজ সরকারি ছুটির দিন।
অন্যান্য বছরের মতো বড় দিন উপলক্ষে সকালে খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশেষ প্রার্থনায় যোগ দিতে গির্জায় সমবেত হয়েছেন। সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি, রয়েছে সান্তা ক্লজের উপহার ও বড় দিনের কেকের আয়োজন।
বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এক বাণীতে খ্রিষ্টধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, এদিন খ্রীষ্ট ধর্মের প্রবর্তক যীশু খ্রীষ্ট জন্মগ্রহণ করেছিলেন। সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য, ন্যায়, ক্ষমা ও করুণার পথে পরিচালনা করতেই এই পৃথিবীতে শুভাগমণ ঘটে যীশুর। বিশ্বের সকল খ্রীষ্ট ধর্মাবলম্বীর কাছে তাই এ দিনটি অত্যন্ত মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ।
সকল ধর্মের মর্মবাণী সম্প্রীতি, শান্তি ও মানব কল্যাণ। যুগে যুগে মহামানবগণ মানুষকে সুনীতি, ন্যায্যতা ও সৎ পথে চলার নির্দেশ দিয়েছেন। মহান যীশুখৃষ্টও একইভাবে তাঁর অনুসারীদের সৎকর্ম ও ন্যায় প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ করে গেছেন।
নিজস্ব প্রতিবেদক 











