ডেস্ক নিউজ, দেশ বার্তা
নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপির সঙ্গে থাকা যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির নেতৃত্বাধীন নতুন জোট ‘যুক্তফ্রন্ট’। বুধবার (২২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এই ঘোষণা দেন।
সৈয়দ ইবরাহিম বলেন, ২০১৪ সালের নির্বাচনে সরকার লোভনীয় প্রস্তাব ও সরকারের চাপ থাকা সত্ত্বেও আমরা নির্বাচনে যাইনি। ২০১৮ সালের আমাদের প্রস্তাব দেওয়া হয়েছিল বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে অন্য জোটের সঙ্গে নির্বাচনে যাওয়ার জন্য, কিন্তু আমরা যাইনি বরং বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছি। এবার জাতির বৃহত্তর স্বার্থে নির্বাচনে যাচ্ছি।
তিনি আরও বলেন, নির্বাচনে যাওয়ার জন্য ২০১৪ সালে আমন্ত্রণ পেয়েছিলাম। তীব্র চাপ থাকার পরও আমরা সেই নির্বাচনে যাইনি। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থেকে আন্দোলন করেছি। আর ২০১৮ সালে আমন্ত্রণ ছিল ২০ দল থেকে বের হয়ে নির্বাচন করার জন্য। কিন্তু আমরা ২০ দলের থেকেই নির্বাচন করেছি। আর বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো। কারণ তাদের কাছে আমরা রাজনীতি শিখেছি। একা রাজনীতি শেখা যায় না।
এর আগে বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট হিসেবে আত্মপ্রকাশ করেছে ‘যুক্তফ্রন্ট’। সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে এই জোট ঘোষণা করেন জোট প্রধান ও কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
কল্যাণ পার্টি ছাড়া এই জোটে রয়েছে, বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।
নিজস্ব প্রতিবেদক 











