মাদারীপুর জজ কোর্ট প্রাঙ্গণে একজন আইনজীবীর বিরুদ্ধে তারই মক্কেলকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে আদালতপাড়ায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, বিএনপি পন্থী আইনজীবী ও মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট জামিনুর হোসেন (মিঠু) দীর্ঘদিন ধরে তার মক্কেল সাজন ফকির–কে মামলা সংক্রান্ত বিভিন্ন অজুহাতে ঘুরিয়ে বেড়াচ্ছিলেন এবং নানাভাবে হয়রানি করে আসছিলেন। একপর্যায়ে সাজন ফকির তার মামলা অন্য আইনজীবীর মাধ্যমে পরিচালনার সিদ্ধান্ত নিয়ে এডভোকেট মিঠুর কাছে এনওসি (No Objection Certificate) চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
অভিযোগে বলা হয়, গত ০৬ জানুয়ারি ২০২৬, সকাল ১০টা ১৯ মিনিটে, মাদারীপুর জজ কোর্টের উকিল লাইব্রেরির দ্বিতীয় তলায় এডভোকেট জামিনুর হোসেন (মিঠু) প্রকাশ্যে সাজন ফকিরকে মারধর করেন। এ সময় তিনি ভুক্তভোগীকে হুমকি দিয়ে বলেন, বিষয়টি কাউকে জানালে তাকে মিথ্যা মামলায় জেলে পাঠানো হবে অথবা নিজের লোক দিয়ে গুম করে ফেলা হবে।
ভয় ও আতঙ্কের কারণে সাজন ফকির কোনো ধরনের প্রতিকার না চেয়েই আদালত প্রাঙ্গণ ত্যাগ করতে বাধ্য হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনাটি আইনজীবী সমাজ ও দেশের বিচারব্যবস্থার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। তাদের দাবি, আদালত প্রাঙ্গণে সংঘটিত এ ধরনের ঘটনায় দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এ বিষয়ে অভিযুক্ত আইনজীবীর বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।














