প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দৈনিক আমার দেশ পত্রিকাকে জড়িয়ে ফেসবুকে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো এবং কলাম লেখক রাশেদুল হক মল্লিকের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলাটি দায়ের করা হয়। আদালত মামলাটি পর্যালোচনা করে পরে আদেশ দেবেন বলে জানান।
মামলার অভিযোগে বলা হয়, প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলার ঘটনার পর আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয়, যেখানে জনগণকে সংযত থাকার পাশাপাশি প্রথম আলো ও ডেইলি স্টার রক্ষার আহ্বান জানানো হয়। তবে রাশেদুল হক মল্লিক মারুফ তার ফেসবুক আইডি থেকে ‘আমার দেশ প্রথম আলোয় আক্রমণে জড়িত’—এমন একটি পোস্ট দেন। পরে ওই পোস্টটি শেয়ার করেন এ কে এম ওয়াহিদুজ্জামান এপোলো।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা মিথ্যা তথ্য প্রচারের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন এবং এতে আমার দেশ পত্রিকায় হামলার উসকানি দেওয়া হয়েছে। এর ফলে পত্রিকাটির ওপর হামলার আশঙ্কা তৈরি হয়েছে এবং সম্পাদক মাহমুদুর রহমানের জীবন ঝুঁকিতে পড়েছে বলে মামলায় দাবি করা হয়।
আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাহমুদুর রহমান বলেন, এসব বক্তব্যকে তিনি আমার দেশ ও নিজের বিরুদ্ধে হুমকিস্বরূপ মনে করছেন। তার ভাষ্য অনুযায়ী, এটি শুধু তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা নয়, বরং একটি মব সৃষ্টির উদ্যোগ, যা নিয়ে তিনি শঙ্কিত।
উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর শহীদ ওসমান হাদির সিঙ্গাপুরে ইন্তেকালের খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর একদল উচ্ছৃঙ্খল জনতা প্রথম আলোর সহযোগী প্রকাশনা প্রতিষ্ঠান প্রথমা অফিস ও ডেইলি স্টার পত্রিকার কার্যালয়ে হামলা চালায়। ওই ঘটনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেপ্তার করেছে।
নিউজ ডেস্ক 













