ডেস্ক নিউজ
ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে শোকজ করা হয়েছে। তাকে আগামীকাল শুক্রবার বিকেল ৩টার মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা ফরিদপুর-৪ নির্বাচনী অনুসন্ধান কমিটির কাছে সশরীর উপস্থিত হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার ফরিদপুর-৪ নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ মঈন উদ্দীন চৌধুরীর সই করা চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, মজিবুর রহমান চৌধুরী গতকাল বুধবার জেলা রিটার্নিং অফিসারের কাছে ফরিদপুর-৪ আসনের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সংক্রান্ত খবরে প্রকাশ হয়েছে যে, আপনি (নিক্সন) আড়াই শতাধিক মাইক্রোবাস ও দুই শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ফরিদপুর শহরের উদ্দেশে যাত্রা শুরু করেন। একটি ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে শুভেচ্ছা জানাতে জানাতে ভাঙ্গার দত্তপাড়া থেকে যাত্রা শুরু করে সদরপুরের চন্দ্রপাড়া, আটরশি পাড় হয়ে চরভদ্রাসন হয়ে ফরিদপুর সদরের গজারিয়া, মুন্সিবাজার দিয়ে ঢাকা-বরিশাল সড়ক ধরে ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড় হয়ে মুজিব সড়ক, ব্রাক্ষসমাজ সড়ক দিয়ে জেলা পরিষদের সামনে এসে পৌঁছান। এ সময় ওই এলাকায় সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। আপনি এই কাজের মাধ্যমে সংসদীয় নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি লঙ্ঘন করেছেন।
চিঠিতে আরও বলা হয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কেন বিষয়টি নির্বাচন কমিশনের কাছে প্রেরণ করা হবে না- সেই মর্মে শুক্রবার (১ ডিসেম্বর) বিকেল তিনটার মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) গঠন করা ফরিদপুর-৪ নির্বাচনী অনুসন্ধান কমিটির অস্থায়ী কার্যালয়ে (যুগ্ম জেলা ও দায়রা জজ, ২য় আদালত, জেলা ও দায়রা জজ আদালত, ফরিদপুর) ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ প্রদান করা হলো।’
জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার ৮ (খ) ধারায় বলা হয়েছে, মনোনয়নপত্র দাখিলের সময় কোনো প্রার্থী কোনো ধরনের মিছিল কিংবা শোডাউন করতে পারবেন না। (ক) ধারায় বলা হয়েছে, কোনো প্রার্থী, ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান, ট্রেন কিংবা অন্য কোনো যান্ত্রিক যানবাহনসহকারে মিছিল বা শোডাউন করতে পারবেন না।
নিজস্ব প্রতিবেদক 















