হংকংয়ের আগামী দিনে আরও উজ্জ্বল ও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কুও চিয়া খুন। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সম্প্রতি প্রকাশিত সুইজারল্যান্ডভিত্তিক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টের (IMD) ওয়ার্ল্ড কমপিটিটিভনেস ইয়ারবুক ২০২৫-এ হংকং দুই ধাপ এগিয়ে বিশ্বের তৃতীয় প্রতিযোগিতামূলক অর্থনীতির স্বীকৃতি পেয়েছে। ২০১৯ সালের পর এই প্রথম অঞ্চলটি শীর্ষ তিনে ফিরেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, করনীতি ও ব্যবসাবান্ধব আইনকানুনের ক্ষেত্রে হংকং বিশ্বে প্রথম স্থান অর্জন করেছে।
চীনা মুখপাত্র কুও চিয়া খুন বলেন, এই অর্জন হংকংয়ের বিশেষ মর্যাদা ও সক্ষমতার প্রমাণ এবং ‘এক দেশ, দুই নীতি’র ভবিষ্যতের প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। তিনি জানান, হংকং এখন উন্নতির এক নতুন যুগে প্রবেশ করছে এবং আন্তর্জাতিক আর্থিক কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় হয়ে উঠছে।
তিনি আরও বলেন, হংকংয়ের উন্মুক্ত অর্থনৈতিক পরিবেশ বিদেশি বিনিয়োগ ও নতুন ব্যবসা শুরুর ক্ষেত্রে বহুজাতিক কোম্পানিগুলোর আগ্রহ বাড়াচ্ছে।
তথ্য ও ছবি: সিনহুয়া
নিউজ ডেস্ক 














