রাত বাড়ছে, রাতের পায়ে নেমে আসে মহার্ঘ ঘুম
চোখের তৃপ্তিজুড়ে বেহিসাবী ঘোর, অন্ধ চিৎকার;
দয়াহীন দীর্ঘশ্বাসের খিলানে উৎকীর্ণ থাকে অসুখ
পাশ-দেয়ালে দ্বৈবাৎ সেঁটে আছে ভয়ানক বিকার।
জানালার কাঁচে আতিপাতি করে আঙুলের অহং—
কিছু সুখ শিমুল তুলোর বালিশে নিত্য জমা থাকে;
কিছু সুখ অভিশপ্ত-মশারির হাহাকারে মরে যায়
এক ছিনাল তবুও গতায়ত দিনের করুণা মাখে।
রাত শেষ হয় না, ছায়ার ভেতরে খুন হয় আগুন
কিছু ভুল এনে দেয়—পাঁজরের পরিতৃপ্তি হাসি,
কিছু সত্য মেলে দেয়—বিব্রত বুকে ভয়ের ডানা
অথচ ঘুম আসে, ঘুমের আড়ালে জমে কান্নারাশি।
এই তো, রাতের নিশ্বাসে অন্তঃশীল আয়ুর সংসার
এই তো, হননপিয়াসী ঘুমের গ্লানিতে জগৎ অসার।
সাহিত্য ডেস্ক 















