বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এস’-এর সিইও সুজিত চক্রবর্তীর নেতৃত্বে পরিকল্পিতভাবে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজ (বৃহস্পতিবার) বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্য ও ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টারস সোসাইটি যৌথভাবে মানববন্ধনের আয়োজন করেছে।
গত ৮ আগস্ট অনুসন্ধানী প্রতিবেদক হাফিজুর রহমান শফিকসহ ছয়জন সাংবাদিক চ্যানেল এস-এর অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্র নিয়ে এ হামলায় তারা গুরুতর আহত হন। হত্যার উদ্দেশ্যে চালানো এ হামলার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হলেও থানা পুলিশ আসামিদের গ্রেপ্তারে অনীহা প্রকাশ করছে বলে অভিযোগ উঠেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, চ্যানেল এস বিগত দিনে ছাত্র-জনতার ন্যায়সঙ্গত আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রচারণা চালিয়েছে এবং সরকারবিরোধী সাংবাদিকদের দমন-পীড়নে সহায়তা করেছে। মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিক নেতারা দাবি করেন, চ্যানেল এস-এর চেয়ারম্যান ইসমত কাদের গামা ও সিইও সুজিত চক্রবর্তী দীর্ঘদিন ধরে ক্ষমতাসীনদের পক্ষে কাজ করছেন এবং সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরও তার ঘনিষ্ঠ ব্যক্তিরা সাংবাদিকদের ওপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। তারা অভিযোগ করেন, চ্যানেল এস-এর মালিক ও কর্মকর্তারা ভারতের গোয়েন্দা সংস্থা “র”-এর সঙ্গে যুক্ত থেকে বাংলাদেশে গোপন অপতৎপরতা চালিয়ে আসছেন।
এ সময় সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন অপরাধ বিচিত্রার সম্পাদক এইচএম মোরশেদ, ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টারস সোসাইটির মহাসচিব মো. মাসুদ, বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্যের মুখপাত্র ও ক্রাইমনিউজবিডি২৪-এর সম্পাদক মাহবুব আলম চৌধুরী জীবন, বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও ওয়ার্ল্ড নিউজ-এর সম্পাদক সাগর চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ আসাদুজ্জামান আসাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য ও তদন্ত চিত্রের সম্পাদক জিয়াউর রহমান, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির সহ আরও অনেক সাংবাদিক।
সাংবাদিক নেতারা বলেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে ও সাংবাদিকদের নিরাপত্তা রক্ষায় সরকারকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আরও বড় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নিজস্ব প্রতিবেদক 















