শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, ওসমান হাদির হত্যার পেছনে শুধু একটি রাজনৈতিক দল নয়, দেশি-বিদেশি নানা এজেন্ট এবং সুবিধাভোগী রাজনীতিবিদরা জড়িত। তার মতে, ওসমান হাদির মাথায় গুলি চালানোর মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে নলছিটিতে শহীদ ওসমান হাদির নামে লঞ্চঘাট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাসুমা হাদি বলেন, “আমার ভাইকে যদি জীবিত রাখতে চান, তাহলে তার আদর্শ ও কাজগুলো এগিয়ে নিতে হবে। ওসমান হাদিকে হত্যা করে বাংলাদেশকে আরও বহু বছর পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি যদি আরও পাঁচ বছর বেঁচে থাকতেন, তাহলে এ দেশ হতো আপামর জনতার বাংলাদেশ।”
অন্তর্বর্তী সরকার নিয়েও প্রশ্ন তোলেন তিনি। মাসুমা হাদির ভাষ্য, এই সরকার বিপ্লবী সরকার হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি। তিনি বলেন, “কেন ক্ষমতা এমন একজনের হাতে দেওয়া হলো, যিনি স্বৈরশাসনের অংশ ছিলেন? শপথের দিন থেকেই আন্দোলনের গতি থেমে গেছে।”
নির্বাচনি সংস্কারের ওপর জোর দিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনগুলোতে টাকা ও পেশিশক্তির প্রদর্শনী বন্ধ করতে হবে। “হাজার হাজার মোটরসাইকেল নিয়ে শোডাউন বন্ধ না হলে ভালো মানুষ রাজনীতিতে আসবে না। কোনো মার্কা দেখে নয়, যারা বাংলাদেশপন্থি রাজনীতি করবে, তাদেরই ভোট দিতে হবে,” বলেন তিনি।
বিদেশি প্রভাবের অভিযোগ তুলে মাসুমা হাদি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পরও দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং অভ্যন্তরীণ মুখোশধারীদের ভূমিকা রয়েছে।
নলছিটি (ঝালকাঠি), প্রতিনিধি 















