ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার এমন পরিস্থিতিতে গভীর আবেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে নাহিদ ইসলাম লেখেন, “ভাই হাদি, আমরা তোমাকে রক্ষা করতে পারিনি। তুমি এই দেশের জন্য দাঁড়িয়েছিলে, আর আমরা তোমাকে ব্যর্থ করেছি।”
তিনি লেখেন, হাদি জুলাইয়ের মর্যাদা ও ন্যায়বিচারের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন, কিন্তু তারা জুলাই প্রজন্মকে এক করতে পারেননি। সেই তরুণরা—যারা ছিল ‘সাহসী, ক্রুদ্ধ এবং আশাবাদী’—ন্যায়ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখেছিল বলেও মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম আরও উল্লেখ করেন, “জুলাইয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছিল। তারা ক্ষমতা বা কোনো পদ-পদবির জন্য মারা যায়নি; তারা নিহত হয়েছিলেন কারণ তারা ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছিল এবং বিশ্বাস করেছিল বাংলাদেশ বদলাতে পারে।”
তিনি বলেন, আন্দোলন এখনও চালিয়ে যেতে হবে—যাতে ভবিষ্যৎ প্রজন্ম মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। নিজের রাজনৈতিক ব্যর্থতার দায় স্বীকার করে তিনি লেখেন, গত দেড় বছরে ইতিহাস যে দায়িত্ব তাদের উপর দিয়েছিল, তারা তা পূরণে ব্যর্থ হয়েছেন, কিন্তু পিছু হটার কোনো সুযোগ নেই।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আরও লেখেন, “তুমি যেমন বলেছিলে—শত্রুর প্রতিও ন্যায়বিচার চর্চা করব। কিন্তু ফ্যাসিস্টদের জন্য কোনো ক্ষমা নেই।”
সবশেষে তিনি হাদির প্রতি অনুরোধ জানিয়ে লেখেন, “ফিরে আসো আমাদের মাঝে, ভাই। ফিরে আসো সেই মানুষদের কাছে, সেই আন্দোলনে, যার জন্য তুমি লড়েছিলে। আমরা অপেক্ষা করছি। আমরা হয়তো জীবন হারাবো, কিন্তু জুলাইকে ত্যাগ করবো না।”
নিউজ ডেস্ক 















