২০০৯ সালে সংঘটিত হামলায় নিহত ইদিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খলিল পেদার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা–ভেদরগঞ্জ–গোসাইরহাট) আসনের সম্ভাব্য প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রোববার (২ নভেম্বর) দুপুরে তিনি গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধীপুর গ্রামে খলিল পেদার পারিবারিক কবরস্থানে গিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন। দীর্ঘ ১৬ বছর পর দলের প্রয়াত এই নেতার স্মরণে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।
নেতার কবরের পাশে গিয়ে পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাদের সান্ত্বনা দিয়ে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন,
“বিএনপি কখনো তার ত্যাগী নেতাদের ভুলে যায় না। শহীদ খলিল পেদার রক্ত বৃথা যাবে না—তার আদর্শ ও সংগ্রাম আমাদের পথ দেখাবে।”
পরে তিনি খলিল পেদার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
এই সফরকে কেন্দ্র করে এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দিয়েছে বলে স্থানীয়রা জানান।
নিউজ ডেস্ক 

























