ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করা হয়েছে, কিন্তু দেশে আবারও নতুন এক ফ্যাসিস্টের জন্ম হয়েছে—এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
গতকাল সোমবার (২৩ জুন) সন্ধ্যায় নীলফামারীর বড় মাঠে ‘প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন’ দাবিতে এবং ‘ইসলামবিরোধী ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে’ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুফতি ফয়জুল করীম বলেন, “প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার ও গণহত্যার বিচার না হলে, আর সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে দেশে আবারও ফ্যাসিস্ট শাসক প্রতিষ্ঠিত হবে।”
তিনি আরও অভিযোগ করেন, “গরিবের রিলিফের চাল একটি দলের নেতার গুদামে পাওয়া যাচ্ছে। গরিব-দুঃখী ও মেহনতি মানুষের মুখের খাবার যারা কেড়ে নেয়, এ দেশের জনগণ তাদের দ্বিতীয়বার আর ক্ষমতায় যেতে দেবে না।”
প্রতিবেশী দেশ ভারত প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশিরা বীরের জাতি। আমরা কারও রাঙ্গা চক্ষুকে ভয় পাই না। বাংলাদেশের বন্দর বন্ধ বা সেভেন সিস্টার নিয়ে রাজনীতি শুরু করলে ভারতের পেটে ভাত থাকবে না।”
তিনি আরও বলেন, “ভারতের সাথে সুসম্পর্ক থাকবে, তবে কোনো গোলামী নয়। ভারতের দালালি করে আর ক্ষমতায় আসা যাবে না। যারা দালালি করবে, তাদের বাংলাদেশে থাকা হবে না, তাদের ভারতে পাঠিয়ে দেওয়া হবে।”
সভা শেষে মুফতি ফয়জুল করীম নীলফামারী-২ আসনে অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, নীলফামারী-৩ আসনে আলহাজ্ব আমজাদ সরকার এবং নীলফামারী-৪ আসনে আলহাজ্ব শহীদুল ইসলামকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
জনসভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নীলফামারী জেলা সভাপতি মুহাম্মাদ ইয়াসীন আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের যুগ্ম-মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম হাছিবুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ইসলামী যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মাদ আবু তালহা এবং জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার প্রমুখ।
নীলফামারী প্রতিনিধি 















