ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে শপথ গ্রহণকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যেই রাজপথ না ছাড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, জনগণের অধিকার আদায়ে চলমান আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই।
বুধবার (২১ মে) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “নির্দেশ একটাই— যতক্ষণ দরকার, রাজপথ ছেড়ে উঠে আসা যাবে না।”
এর আগে, ডিএসসিসি মেয়র পদে ইশরাক হোসেনকে শপথ না পড়াতে নির্দেশনা চেয়ে করা একটি রিটের আদেশ পিছিয়ে বৃহস্পতিবার (২২ মে) দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।
আজ বুধবার ছিল রিটের আদেশ ঘোষণার নির্ধারিত দিন। তবে আদালত ফের শুনানি শেষে আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।
উল্লেখ্য, বিএনপি নির্বাচনের বাইরে থাকলেও ইশরাক হোসেনকে নিয়ে ডিএসসিসির মেয়র নির্বাচন ও পরবর্তী প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 















