বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। তিনি অভিযোগ করেন, একটি শক্তি ক্ষমতায় থাকার জন্য নতুন নতুন পন্থা বের করছে, তবে জনগণ আর তা মেনে নেবে।
ফ্যাসিস্টরা টিকে থাকতে পারেনি, এই শক্তিও যাতে টিকে থাকতে না পারে, সে জন্য দেশের মানুষ প্রস্তুত রয়েছে,”
মঙ্গলবার (১ এপ্রিল) চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে ঈদের কুশল বিনিময়ের সময় এমন মন্তব্য করেন তিনি।
আমীর খসরু বলেন, “দীর্ঘ ১৬-১৭ বছর ধরে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য লড়াই করে আসছি। আমাদের আকাঙ্ক্ষা একটাই—জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিরাই সংসদ ও সরকার পরিচালনা করবে এবং তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আজ দেশের পরিবেশ আগের তুলনায় অনেকটাই পরিবর্তিত হয়েছে, যা আমাদের সংগ্রামেরই ফলাফল।”
তিনি বলেন, “দেশে এখন নির্বাচনী হাওয়া বইছে। বহু বছর পর মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সবার মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে, গণতন্ত্রের স্বাদ পাচ্ছে। তবে এই পথচলা এখনো সম্পূর্ণ হয়নি। জনগণ এখন সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের অপেক্ষায় আছে।”
বিএনপি নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, “ফ্যাসিস্টদের পতনের পর বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এখন আমাদের দায়িত্ব এই পরিবর্তনকে ধরে রাখা। বাংলাদেশকে আর কোনো ফ্যাসিস্ট শক্তির দখলে যেতে দেওয়া যাবে না।”
ঈদ পরবর্তী এই মিলনমেলায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা দেশের গণতন্ত্র ও নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।
নিজস্ব প্রতিবেদক 















