রাজশাহীর বাঘা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে। বিএনপির সারাদেশে চলমান কর্মসূচির অংশ হিসেবে যুক্তরাজ্য বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন শহীদ শামসুজ্জোহা এই কার্যক্রম পরিচালনা করেন। এতে বাঘা উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য গত ৫ ফেব্রুয়ারি বাঘা পৌর এলাকার নারায়নপুর ও বাঘা বাজার এলাকায় এ প্রচারপত্র বিতরণ করা হয়। এ সময় এক পথসভায় বিএনপি নেতারা ৩১ দফার গুরুত্ব সম্পর্কে জনগণকে অবহিত করেন।

পথসভায় অংশ নিয়ে শামসুজ্জোহা বলেন, স্বাধীনতার পর শেখ মুজিব দেশে একদলীয় শাসন ব্যবস্থা (বাকশাল) প্রতিষ্ঠা করে, যা গণতন্ত্রকে বিপর্যস্ত করেছিল। তিনি উল্লেখ করেন যে, ১৯৭৫ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং দেশের জনগণের মতপ্রকাশের অধিকার ফিরিয়ে আনেন।
তিনি বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী শাসন কায়েম করে জনগণের মৌলিক অধিকার হরণ করেছে। দমন-পীড়ন চালিয়ে রাজনৈতিক বিরোধীদের কণ্ঠরোধ এবং গণতান্ত্রিক মূল্যবোধ ক্ষুণ্ণ করেছে।
তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যায়। এ আন্দোলন ছিল জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ, যা দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ প্রশস্ত করেছে। ছাত্রজনতার এই অভ্যুত্থান স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণতন্ত্র, ভোটের অধিকার ও ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি নেতা শামসুজ্জোহা বলেন, ৩১ দফা বাস্তবায়ন ছাড়া দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক সমৃদ্ধি সম্ভব নয়। বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানো হবে। সাংবিধানিক কাঠামো সংস্কার করে দেশকে উন্নতির সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া হবে।
প্রচারপত্র বিতরণ ও পথসভায় আরও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, যুবদল নেতা তানভীর তুর্য্য সরকারসহ বাঘা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপির নেতারা জনগণের প্রতি আহ্বান জানান, তারা যেন ঘরে-ঘরে এই বার্তা পৌঁছে দেন এবং ৩১ দফা বাস্তবায়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করেন।
নিজস্ব প্রতিবেদক 















