যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দিতে লন্ডন থেকে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান।
গতকাল ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) তিনি ওয়াশিংটনে পৌঁছান এবং আজ ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সম্মেলনে বিএনপির প্রতিনিধিত্ব করবেন। এ বছর বিএনপির পক্ষ থেকে আমন্ত্রিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তারেক রহমান যুক্তরাষ্ট্রে না যাওয়ায় তার পরিবর্তে প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার জায়মা রহমান।
এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা ত্যাগ করেন।
‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ হলো একটি বহুজাতিক ও আন্তঃধর্মীয় সম্মেলন, যা ১৯৫৩ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে। এতে মার্কিন প্রেসিডেন্ট, সিনেটর, কংগ্রেস সদস্য, ব্যবসায়ী এবং ১০০টিরও বেশি দেশের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করে থাকেন। এটি মূলত রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অভিজাতদের জন্য একটি গুরুত্বপূর্ণ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে বিশ্ব শান্তি ও সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
বিএনপির প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও গণতন্ত্র নিয়ে আলোচনা করতে পারেন বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
নিউজ ডেস্ক 















