বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের তালিকায় নাম আসার পর বর্তমান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণের দাবি জানিয়ে সরকারের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, অ্যাডভোকেট শাহিন হোসেন ও অ্যাডভোকেট মো. আতিকুর রহমান প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, জন প্রশাসন সচিব ও আইন সচিবের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে আইজিপি বাহারুল আলমকে অপসারণ না করা হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে আইজিপি বাহারুল আলমসহ পাঁচ পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব পালন করতে ব্যর্থ হওয়ার জন্য দায়ী করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পুলিশের বিশেষ শাখায় (এসবি) দায়িত্বকালীন সময়ে বাহারুল আলম তৎকালীন সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখেন এবং বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে নির্দেশ দেন। প্রতিবেদন প্রকাশের পর প্রশাসনের ভেতরে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা এবং আরও ১৭ জন-সহ মোট ৭৪ জন নিহত হন। পরে এ ঘটনায় দায়ের করা হত্যাকাণ্ড ও বিস্ফোরক মামলায় ১৩৯ জনকে মৃত্যুদণ্ড, ১৮৫ জনকে যাবজ্জীবন এবং ২২৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারের সদস্যরা তদন্ত ও বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে আসছিলেন। জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গত বছরের ২৪ ডিসেম্বর সাত সদস্যের জাতীয় স্বাধীন কমিশন গঠন করা হয়। কমিশন ৩০ নভেম্বর তাদের গবেষণা ও তদন্ত প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয়।
প্রতিবেদনের ১৪৬ নম্বর পয়েন্টে দায়ীদের তালিকায় নাম আসে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ, তৎকালীন ডিএমপি কমিশনার নাইম আহমেদ, তৎকালীন অতিরিক্ত আইজিপি (এসবি) বাহারুল আলম, পলাতক সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম এবং বিডিআর হত্যা মামলার তদন্ত কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দ ও তার নেতৃত্বাধীন তদন্ত দলের।
নিজস্ব প্রতিবেদক 









