পেনশন সুবিধায় মাইলেজ ও রানিং অ্যালাউন্স যোগ করার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১২টার পর শিডিউলের কোনো ট্রেন চলেনি।
রানিং স্টাফদের মধ্যে আছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার। রানিং স্টাফদের দাবি, প্রায় ১৬০ বছর ধরে প্রচলিত মাইলেজ সুবিধা বাতিল করে তা ভ্রমণ ভাতা হিসেবে গণ্য করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আপত্তির কারণে সমস্যার সমাধান দীর্ঘদিন ঝুলে আছে।
বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান বলেন, “আমরা রেল ভবন থেকে কোনো সিদ্ধান্ত পাইনি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।”
রাত ১২টার পর প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন না ছাড়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির বলেন, “অর্থ মন্ত্রণালয় বিষয়টি বিবেচনা করেছে, তবে এটি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে নেই।”
সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, “১৬০ বছর ধরে চলা নিয়ম হঠাৎ বাতিল করার সিদ্ধান্ত মেনে নেওয়া সম্ভব নয়। দ্রুত অর্থ মন্ত্রণালয়ের স্পষ্টীকরণ চিঠি না পেলে আন্দোলন চলবে।”
নিজস্ব প্রতিবেদক 











