সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুপ বিপদসীমা ছাড়িয়েছে এমন জেলাগুলোতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ যাবেন বলে জানিয়েছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইতোমধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বন্যাকবলিত জেলা ফেনীর উদ্দেশ্যে যাচ্ছেন বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (২২ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণের বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আজকে উপদেষ্টা মণ্ডলীর যে বৈঠক ছিল সেখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বন্যার ব্যাপারে আমাদের সরকারের কী করণীয়, বন্যা পরিস্থিতিতে যারা ভুক্তভোগী তাদের জন্য আমরা কী করব, সরকারের মধ্যে আমরা কেমন করে সমন্বয় করব, একই সাথে এই বন্যার কারণ কী, ভবিষ্যতে এ ধরনের বন্য যাতে এড়ানো যায় সে ব্যাপারে আমরা কী করতে পারি সেগুলো নিয়ে কথা হয়েছে।
দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনো পৌঁছানো যাচ্ছে না। যতো নিকটে যাওয়া সম্ভব ততো নিকটে গিয়ে উপদেষ্টাগণ ত্রাণ বিতরণ কাজে সমন্বয় করবেন বলে জানা সৈয়দা রিজওয়ানা হাসান।
তিনি বলেন, আমরা শুনছি উজানে অনেক বৃষ্টিপাত হয়েছে। এ ছাড়া আমাদের বন্যা আক্রান্ত যেসব জেলা সেগুলোতেও অনেক বৃষ্টিপাত হয়েছে।
এই ধরনের বন্যার ক্ষেত্রে আমরা কী ধরনের আগাম সতর্কতা পেতে পারি, আমাদেরকে আগাম সতর্ক করা হয়েছিল কিনা, ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কীভাবে কাজ করতে পারে, কি ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে- সেগুলো নিয়ে আজকে প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত এলাকার মানুষের ক্ষয়ক্ষতি নিরূপণ করা না হবে এবং পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা করা না হবে ততক্ষণ পর্যন্ত সব সময় আমাদের নজরদারিতে থাকবে।
নিজস্ব প্রতিবেদক 











