ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ সরকার চাইলে তিস্তা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করতে প্রস্তুত চীন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকায় চীন দূতাবাসে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
রাষ্ট্রদূত বলেন, তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সরকার যদি চায়, তবে চীন সহযোগিতা দিতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, তিস্তা নদীর তীরে বসবাসকারী হাজারো মানুষের কল্যাণে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করা উচিত। তবে এটি একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সিদ্ধান্তের বিষয়।
ইয়াও ওয়েন জানান, ২০২১ সালে বাংলাদেশ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের সহায়তা চেয়ে একটি প্রস্তাব পাঠিয়েছিল। এরপর প্রকল্পটি মূল্যায়ন করে ২০২৩ সালে চীন বাংলাদেশকে জানায় যে, প্রস্তাবিত প্রকল্পে কিছু অপ্রয়োজনীয় উপাদান রয়েছে, যা সংশোধনের প্রয়োজন। তবে এরপর থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে চীনা রাষ্ট্রদূত আরও বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও চীনের অবস্থান অভিন্ন। চীন এ সমস্যার দ্রুত সমাধান চায়।
নিজস্ব প্রতিবেদক 











