জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না বিএনপি। দলটির মতে, এটি ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ তৈরি করবে, জাতীয় নির্বাচন বিলম্বিত করবে এবং গণতন্ত্রে উত্তরণ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে।
বিএনপির দাবি, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হলো অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা। এ কারণে দ্রুততম সময়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করাই সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় সংগঠিত হতে পারে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে। অন্যদিকে, বিএনপির আরেক নেতা সালাহউদ্দিন আহমেদ বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন আইনি ও সাংবিধানিকভাবে অযৌক্তিক।
এদিকে, নির্বাচন কমিশনও জানিয়েছে, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয়। তবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ওপর নির্ভর করছে।
বিএনপির দাবি, সংকট উত্তরণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র পথ হলো সুষ্ঠু জাতীয় নির্বাচন। তাই এখন স্থানীয় সরকার নির্বাচন না করে জাতীয় সংসদ নির্বাচনেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
নিউজ ডেস্ক 















