যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ এ আমন্ত্রিত হয়ে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি ব্যারিস্টার জাইমা রহমান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে গত ৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৭টায় ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে এই বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এই ব্রেকফাস্ট ৭ ঘণ্টাব্যাপী চলে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা ক্ষমতা গ্রহণের পর ১০০ দিনের মধ্যে এই বিশেষ প্রাতঃরাশ ও নৈশভোজের আয়োজন করে থাকেন। এবারকার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের পাশাপাশি সিনেটর, কংগ্রেস সদস্য, বিশ্বনেতৃবৃন্দ, ব্যবসায়ী ও পেশাজীবীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকা থেকে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হন। অন্যদিকে, ব্যারিস্টার জাইমা রহমান লন্ডন থেকে ওয়াশিংটনে এসে প্রতিনিধি দলে যোগ দেন।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক প্রার্থনা সভা, যা ১৯৫৩ সাল থেকে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছর ফেব্রুয়ারি মাসের প্রথম শুক্রবার এই অনুষ্ঠান আয়োজিত হয়, যেখানে প্রায় ১০০টি দেশ থেকে প্রায় ৩,৫০০ অতিথি অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক নেতাদের মধ্যে সংলাপ ও প্রার্থনার মাধ্যমে সম্পর্ক উন্নয়ন করা।
গত ১১ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটি আমন্ত্রণ জানায়। তারেক রহমান ব্যক্তিগত কারণে অংশগ্রহণ করতে না পারায় তার প্রতিনিধি হিসেবে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান অনুষ্ঠানে যোগ দেন।
ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বেসরকারি আয়োজন, যা মার্কিন কংগ্রেসের সদস্যদের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়। মার্কিন সরকার বা স্টেট ডিপার্টমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন বা অর্থায়ন করে না।
ওয়াশিংটন যাত্রার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট যুক্তরাষ্ট্রের একটি বার্ষিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের দলের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে আমন্ত্রণ জানিয়েছে। তিনি যেতে পারছেন না, তার প্রতিনিধিত্ব করবেন ব্যারিস্টার জাইমা রহমান।”
বিএনপি নেতাদের এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দলের সম্পর্ক ও অবস্থানকে আরও সুদৃঢ় করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 





















