বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আগামী দিনে জনগণের সহযোগিতায় বিএনপি জনগণের সরকার গঠনে সক্ষম হলে আমরা বাংলাদেশে উৎপাদন, সম্ভাবনা ও উন্নয়নের রাজনীতি করতে চাই। এ কারণে বাংলাদেশের মাটিতে আমার মন পড়ে আছে। বিএনপির রাজনৈতিক লক্ষ্যই হচ্ছে দেশের মানুষের রাজনৈতিক লক্ষ্য অর্জন করা। জনগণের যে অর্থনৈতিক মুক্তি, সেটি অর্জন করা।’
আজ বুধবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এসব কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করে উপজেলা ও পৌর বিএনপি।
সমাবেশে আবদুস সালাম পিন্টুসহ বিএনপির সব নেতা-কর্মীর মুক্তির দাবি জানান তারেক রহমান।
গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন (টুকু), সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ, সদস্য ওবায়দুল হক, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা ওলামা দলের সভাপতি আবুল কালাম আজাদ, গোপালপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত প্রমুখ বক্তব্য দেন।
নিজস্ব প্রতিবেদক 















