আদালত অবমাননার মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও স্বৈরাচার শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২ জুলাই) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।
একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ফলে পলাতক থাকার পর এই প্রথম সাজাপ্রাপ্ত হলেন শেখ হাসিনা ও শাকিল আকন্দ।
গত বছরের ২৫ অক্টোবর গাইবান্ধার এক আওয়ামী লীগ নেতার সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় ২২৭ জনকে হত্যার হুমকি দিয়েছিলেন শেখ হাসিনা। এ নিয়ে প্রসিকিউশন মামলা করলে আজ ট্রাইব্যুনাল-১ এ পলাতক শেখ হাসিনাসহ দুইজনের বিরুদ্ধে শুনানি হয়। ফাঁস হওয়া অডিওতে ‘২২৭ জনকে মারার লাইসেন্স পেয়েছি’ বলে শেখ হাসিনার বক্তব্য আদালতের প্রতি সরাসরি হুমকি হিসেবে প্রমাণিত হয়। এর পরিপ্রেক্ষিতেই তাকে ছয় মাসের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
এদিকে, পলাতক আসামিদের ক্ষেত্রে সাধারণত সরকারি খরচে আইনজীবী নিয়োগের নজির না থাকলেও, ন্যায়বিচারের স্বার্থে শেখ হাসিনার জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগ করে শুনানি সম্পন্ন করা হয়।
নিজস্ব প্রতিবেদক 













