দুদকের মামলায় আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
সোমবার (২৬ মে) সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় আনা হলে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, টয়লেটে প্রসাব করতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যান তিনি। এতে মাথার পেছনে কেটে রক্ত বের হয়।
তার আইনজীবী নাসিম মাহমুদ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি পাকস্থলির ক্যানসারসহ বিভিন্ন রোগে আক্রান্ত। শারীরিকভাবে তিনি বেশ দুর্বল এবং ওজনও দ্রুত কমছে।
দুর্ঘটনার পর পুলিশ সদস্যদের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় ব্যান্ডেজ করা হয়। পরে তাকে কেরানীগঞ্জ কারা হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপকমিশনার তারেক জোবায়ের জানান, কামরুল ইসলাম হাইপ্রেসারের রোগী। সে কারণেই মাথা ঘুরে পড়ে গিয়ে আঘাত পান। আদালতের অনুমতি নিয়েই তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত নভেম্বর থেকে দুর্নীতির মামলায় কামরুল ইসলাম কারাবন্দি রয়েছেন। বিভিন্ন মামলায় একাধিকবার রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন।
নিজস্ব প্রতিবেদক 













