রাজবাড়ী সদর আমলী আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে “এথিস্ট নোট” নামক ওয়েবসাইটের সম্পাদক ও বিভিন্ন লেখকদের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে রয়েছেন রফি আহমেদ ফিরোজ।
উল্লেখ্য গতকাল ১৬ ফেব্রুয়ারি, আমলী আদালতের বিচারক জনাব তামজিদ আহমেদ এই মামলাটিকে গুরুত্ব সহকারে গ্রহণ করে রাজবাড়ী সদর থানার ডিটেকটিভ ব্রাঞ্চের অফিসার ইনচার্জকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ ১৮ মে ২০২৫ নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, এই ওয়েবসাইটটি দীর্ঘদিন ধরে অনলাইন ও অফলাইনে ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কুৎসা রটিয়ে আসছিল। ওয়েবসাইটটির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে অবমাননাকর লেখা প্রকাশ করা হয়েছে।
অসমর্থিত সূত্রে জানা গেছে, বাদী রফি আহমেদ ফিরোজ জাতীয়তাবাদী বা ইসলামিক রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। এই মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ২৯৫ ধারার অধীনে গৃহীত হয়েছে, এবং মামলায় আসামীদের সংখ্যা ২৫ জন।
এই ওয়েবসাইটের সপাদক রাসেল মিয়া, কমল চন্দ্র দাস সহ মামলার অন্য আসামীরা হলেন- আজমাইন শাহরিয়ার অর্ণব, নুসরাত সুজানা নওরিন, লিপ্টন কুমার দেব দাসফাহিন আলম, মোর্শেদ আলম, আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন, আবু বকর সিদ্দিক, মোঃ সাব্বির হোসাইন, মোঃ আবির হোসাইন, মনিরা পারভীন, মোঃ ফাহাদ হোসাইন, মিজানুর রহমান, মোঃ আল আমিন কায়সার, এম ডি আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মুহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মোঃ রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, এমডি মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম, রোমানা আক্তার রুমকি, ফাতেহা তাসবি।
এদিকে, মামলাটি ঘিরে গতকাল আদালতে উত্তেজনা সৃষ্টি হয়। আদালতে উপস্থিত তৌহিদী জনতাকে স্লোগান দিতে দেখা যায়।
মামলার একজন সাক্ষী জানিয়েছেন, “যদি সরকার এই বিষয়ে কার্যকর ব্যবস্থা না নেয়, এই সকল নাস্তিক লেখকদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে। এবং তৌহিদী জনতা নিজ হাতেই এদের বিচার করবে”
এই মামলার তদন্ত চলমান থাকায় এ নিয়ে রাজবাড়ী থানা এ মামলার বিষয়ে গণমাধ্যমে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
নিজস্ব প্রতিবেদক 













