শেখ হাসিনার গাড়ির বহর হামলার মিথ্যা মামলায় ৭০ বছর সাজাপ্রাপ্ত সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘদিন কারাভোগের পর অবশেষে জামিনে মুক্তি পেলেন। তার সঙ্গে বিএনপির ৪৬ জন নেতাকর্মীও জামিনে মুক্তি পান।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা উচ্চ আদালতের ১১ নম্বর বেঞ্চ থেকে তিনিসহ সকল নেতাকর্মীদের জামিন দেওয়া হয়। কারাগার থেকে বের হতে আর কোন বাধা নেই।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের স্ত্রী বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল জানান, ২০০২ সালে কলারোয়ায় শেখ হাসিনার গাড়ির বহরে হামলার ঘটনায় ১২ বছর পর কলারোয়া থানা একটি মিথ্যা মামলা দায়ের করা হয়। এই মামলায় তদন্তকারী কর্মকর্তা আদালতে মনগড়া মিথ্যা চার্জসিট দাখিল করেন। যার ফলে বিতর্কিত চার্জশিট ও মিথ্যা সাক্ষ্য এর ভিত্তিতে আদালত সাবেক এমপি হাবিবসহ ৫০ জন বিএনপির নেতাকর্মীকে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এরমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবকে সর্বোচ্চ ৭০ বছর সাজাপ্রদান করে আদালত।
তিনি বলেন, নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে উচ্চতর আদালতে আপিল করা হয়। ইতিমধ্যে এই মামলায় সাজাপ্রাপ্ত চারজন বিএনপির নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৬ জন বিএনপি নেতাকর্মীকে অদ্যবধি কারা ভোগ করার পর মঙ্গলবার দুপুরে উচ্চতর আদালত ১১ নম্বর বেঞ্চ থেকে তিনিসহ সকল নেতাকর্মীদের জামিন প্রদান করা হয়।
তিনি আরও জানান এরফলে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপির সকল নেতাকর্মীদের কারাগারে থেকে বের হতে আর কোন বাধা নেই।
প্রতিনিধি, সাতক্ষীরা 













