বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাতা ও অন্যান্য দাবি আদায়ে টানা এক সপ্তাহ ধরে আন্দোলন করছেন। কয়েকদিনের অবস্থান কর্মসূচির পর শনিবার থেকে তারা আমরণ অনশন শুরু করেছেন। টানা আন্দোলন, অনশন ও প্রচণ্ড গরমে শনিবার দুপুরের পর থেকে বেশ কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
আন্দোলনরত শিক্ষকরা জানাচ্ছেন, তাদের মূল দাবি ২০ শতাংশ বাড়িভাতা প্রদান করা। সরকারের পক্ষ থেকে আলোচনায় বসার পর শিক্ষকরা আপস প্রস্তাব হিসেবে আপাতত ১০ শতাংশ এবং আগামী অর্থবছরে আরও ১০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেন। তবে এতেও সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যায়নি।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব ও শিক্ষক নেতা অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন,
“শিক্ষকরা রাস্তায় পড়ে মরছেন, তাতেও আমলাদের মন গলছে না। আমরা মাত্র ২০ শতাংশ বাড়িভাতা চেয়েছি—এটাই নাকি তাদের কাছে অনেক বেশি! এরপরও আমরা সুযোগ দিয়েছি, বলেছি আপাতত ১০ শতাংশ দিন, আর আগামী বাজেটে বাকি ১০ শতাংশ দিন; সেটা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করুন। তাতেও তারা নড়ছে না। তাদের অন্তরে কে বা কারা সিলমোহর মেরে দিয়েছেন, তা আমাদের বোধগম্য নয়।”
শিক্ষক নেতারা জানান, তাদের এই আন্দোলন শুধুমাত্র ভাতার দাবি নয়, এটি সম্মান ও ন্যায্য প্রাপ্যের লড়াই। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন বলে ঘোষণা দিয়েছেন
নিজস্ব প্রতিবেদক 

























