জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে দেশের ৫৭টি সরকারি কলেজ ও মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব শিক্ষা প্রতিষ্ঠানের নাম থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার এবং আওয়ামী লীগ নেতাদের নাম বাদ দেওয়া হয়েছে।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক প্রজ্ঞাপন প্রকাশ করে এ তথ্য জানায়। বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ২০২৫ সালের ২৮ মে তারিখের প্রজ্ঞাপন এবং মন্ত্রিপরিষদ বিভাগের ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, পরিবর্তিত নামগুলোর তালিকা সংশ্লিষ্ট কলেজগুলোর নিকট পাঠানো হয়েছে। এখন থেকে অফিসিয়াল নথিপত্র, নেমপ্লেট, ওয়েবসাইট, চিঠিপত্রসহ সব ক্ষেত্রে নতুন নাম ব্যবহার করতে হবে। বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তরকে প্রজ্ঞাপনটি ওয়েবসাইটে প্রকাশ এবং সংশ্লিষ্ট কলেজগুলোর ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, স্থানীয় ইতিহাস, জননন্দিত ব্যক্তিত্ব এবং প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে কলেজগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘ নামের পরিবর্তে স্থানীয়তা ও সহজবোধ্যতা বিবেচনায় অপেক্ষাকৃত সংক্ষিপ্ত নাম নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, “নতুন নামকরণে স্থানীয় ঐতিহ্য, সমাজের গ্রহণযোগ্যতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বাস্তবিক পরিচিতি গুরুত্ব পেয়েছে। এ উদ্যোগে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত হবে।”
নিজস্ব প্রতিবেদক 

























