ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন গ্রামে যাওয়া মানুষ।
বুধবার (২ এপ্রিল) সকাল থেকেই ঢাকার অন্যতম প্রবেশপথ যাত্রাবাড়ী-সায়েদাবাদ এলাকায় নগরবাসীর ফেরার চিত্র ফুটে ওঠে।
বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকেই রাজধানীমুখী যাত্রীদের চাপ বাড়তে শুরু করেছে। তবে এখনো কিছু বাস খালি অবস্থায় ঢাকা ছেড়ে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, আগামী কয়েক দিন এ ধারা অব্যাহত থাকবে।
যাত্রীরা জানিয়েছেন, ঈদের ছুটির পর রাজধানীতে ফিরতে বিশেষ কোনো ভোগান্তিতে পড়তে হয়নি। যদিও ভাড়া নিয়ে কোনো কোনো রুটে অসন্তোষ রয়েছে, তবে তা সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান যাত্রীরা।
সায়েদাবাদে ঢাকায় ফেরা শরিফুল ইসলাম নামে এক যাত্রী বলেন, **”গ্রামে বাবা-মায়ের সঙ্গে সপরিবারে ঈদ কাটিয়েছি। আমি একটি ভোগ্যপণ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিপণন বিভাগে কাজ করি। কাল থেকে অফিস খুলবে, তাই আজই ফিরতে হলো।”
প্রায় একই অভিজ্ঞতার কথা জানান অন্যান্য বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীরাও। তারা বলছেন, অফিস, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য চালুর জন্য ঈদের ছুটির পর দ্রুত ঢাকায় ফিরতে হচ্ছে।
এদিকে, ঈদের ছুটির শেষভাগে রাজধানীমুখী মানুষের চাপ আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। ঈদযাত্রার মতোই ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর তৎপরতা অব্যাহত থাকবে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা 



















