ঢাকায় সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ১৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে গতকাল শুক্রুবার। নগরীর অনেক সড়ক পানির নিচে তলিয়ে গেছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। প্রাইভেট কার, অটোরিকশাও বিকল হয়ে পড়ে থেকেছে বিভিন্ন রাস্তায়। যানবাহন চলেছে ধীরগতিতে, দেখা গেছে যানজটও।
কোনো কোনো এলাকায় যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে। বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়েছে গোটা রাজধানী। নগরবাসী পড়েছেন নজিরবিহীন দুর্ভোগে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে তুমুল সমালোচনা চলছে।

নগরীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, টানা বৃষ্টিতে কাকরাইল, মোহাম্মদপুর, শ্যাওড়াপাড়া, কাজীপাড়াসহ মিরপুরের বিভিন্ন এলাকা এবং মিরপুরে মাজার রোড, এলিফ্যান্ট রোড, মৎস্যভবন, সেন্ট্রাল রোড, ধানমন্ডির ২৭ নম্বর, কারওয়ান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণি, পশ্চিম তেজতুরী বাজার, তেজকুনি পাড়া, দক্ষিণ মনিপুরের মোল্লাপাড়া, মহাখালীর বিভিন্ন রাস্তায় পানি জমেছে।

এছাড়া শান্তিনগর, মালিবাগ, মৌচাক, কাকরাইল, নয়াপল্টন, পুরানা পল্টন, আরামবাগ, শাহজাহানপুর, ফকিরেরপুল, বিজয়নগর সড়কে পানি উঠেছে। পানিতে তলিয়েছে দয়াগঞ্জ মোড়, সায়দাবাদ বাস টার্মিনাল, নিমতলী, কমলাপুরের কাছে টয়েনবি সার্কুলার রোড, যাত্রাবাড়ী, কাজলা, শনির আখাড়া, রায়েরবাগ, গোলাপবাগের নিচু এলাকাসহ আরও কয়েক এলাকায়। সড়কে কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানি জমে যায়। এতে বিঘ্নিত হয় যানবাহন চলাচল।
ডেস্ক নিউজ 



















