সকাল ১০টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও শুরু হয় সকাল ১১টায়। কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, ভিক্টোরিয়া সরকারি কলেজসহ কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুদিকে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার পাশাপাশি দড়ি টেনে ও কাটা গাছ ফেলে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছেন।
এদিকে মহাসড়কে অবরোধ থাকার কারণে কুমিল্লা নগরে গাড়ির চাপ বেড়ে গেছে। মহাসড়কের আলেখারচর, জাগুরঝুলি ও কোটবাড়ি বিশ্বরোড হয়ে অনেক গাড়ি শহরে প্রবেশ করেছে। এতে যানজট সৃষ্টি হয়েছে। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন অংশে গিয়ে দেখা যায়, মহাসড়কে বাসের উপস্থিতি কম। নির্দিষ্ট সময়ের পর দূরপাল্লার বাস কম চলাচল করছে। তবে আন্তঃজেলা কিছু বাস মহাসড়ক হয়ে চলাচল করে। তবে সড়কে কাভার্ডভ্যান ও ট্রাকের আধিক্য ছিল।
আন্দোলনকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব হোসেন দেশ বার্তাকে জানান, আমাদের আন্দোলন জনগণকে কষ্ট দেওয়ার জন্য নয়। বৃহত্তর স্বার্থে আমাদের এ আন্দোলন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্র আবদুল কাইউম বলেন, আন্দোলনের বিষয়টি পূর্বঘোষিত। এসময়ে মহাসড়ক এড়িয়ে গেলে মানুষের ভোগান্তি কম হতো।
নিজস্ব প্রতিবেদক 















