কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগে ২০২৩-২৪ অর্থ বছরে ব্যয় হয়েছে প্রায় ২ কোটি ২৮ লক্ষ ২৫ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নথিপত্র থেকে জানা গেছে, এক বছরের পরিবহন ব্যয় প্রায় ৩ কোটি টাকার কাছাকাছি পৌঁছেছে, যা নিয়ে শিক্ষার্থী ও সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
ব্যয়ের বিবরণী অনুযায়ী, বিআরটিসি বাসে ছাত্র-ছাত্রী পরিবহনে ব্যয়: ১,৩১,৩১,০০০ টাকা, পেট্রোল, অয়েল ও লুব্রিকেন্ট খাতে ব্যয়: ৬৭,১৪,০০০ টাকা, যানবাহন জ্বালানি ব্যয়: ৩,৮৮,০০০ টাকা, মোটরযান মেরামত ব্যয়: ২৫,৯২,০০০ টাকা
এই ব্যয় সংক্রান্ত বিষয়ে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লা শাখার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। তিনি বলেন—
“পরিবহন বিভাগের ব্যয় যদি বাস্তব ও যথার্থ হয় তাহলে কোনো সমস্যা নেই। তবে এই অর্থ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে আসা। যদি ভুয়া বিল বা ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ব্যয় দেখানো হয়, তাহলে তা হবে দুর্নীতি। এজন্য স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
বিশ্ববিদ্যালয়ের পরিবহন খাতে ব্যয়ের এই অঙ্ক কতটা যৌক্তিক, তা নিয়ে তদন্ত ও বিশ্লেষণ দাবি করছেন সংশ্লিষ্ট অনেকেই। সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে বরাদ্দকৃত অর্থ সঠিক খাতে ব্যয় হয়েছে কি না—এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে স্বচ্ছ ব্যাখ্যার দাবি উঠেছে।
রিয়াজ মোর্শেদ মাসুদ 














