রাজনীতি হলো জনগণের সেবা, তাদের আস্থা অর্জন এবং তাদের সমর্থনের মাধ্যমে একটি শক্তিশালী জাতি গঠনের প্রতিশ্রুতি। জনগণের মুখ ফিরিয়ে নেওয়া মানেই রাজনৈতিক শক্তির ভিত্তি দুর্বল হয়ে যাওয়া।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে এ কথাই স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে এমন একটি প্রশ্ন রেখেছেন যা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের ভবিষ্যৎ প্রেক্ষাপটে গভীর তাৎপর্যপূর্ণ।
তারেক রহমান বলেন, বিএনপির এক কোটি নেতাকর্মী যদি মানুষের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়, যদি আমাদের কর্মতৎপরতার অভাবে এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে বিএনপি সরকার গঠনে ব্যর্থ হয় এবং অন্য কোনো শক্তি ক্ষমতায় চলে আসে, তাহলে আমাদের কী হবে? এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে তিনি সবার ভেতর রাজনৈতিক সচেতনতা, দায়িত্ববোধ এবং জনগণের প্রতি আন্তরিকতার আহ্বান জানিয়েছেন।
তিনি মনে করিয়ে দিয়েছেন, একটি দেশকে শুধু অভ্যন্তরীণ রাজনীতি নয়, আন্তর্জাতিক কূটনীতি ও সমর্থনের মাধ্যমেও শক্তিশালী করতে হয়। বিএনপি যদি মানুষের আস্থা হারিয়ে ফেলে, তাহলে সেটা শুধু বিএনপির নয়, পুরো জাতির জন্য ক্ষতিকর হয়ে উঠবে। আর তাই সময় এখনও আমাদের হাতে আছে। আমাদের সবার লক্ষ্য হওয়া উচিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রত্যাশাগুলোকে গুরুত্ব দেওয়াতার।
তারেক রহমান বলেছেন, “আমাদের সতর্ক ও সচেতন হতে হবে।” রাজনীতির মঞ্চে ছোট-বড় নানা ধরনের শক্তি ও অপশক্তি কাজ করে, যারা নানা অপপ্রচার বা বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বিএনপিকে আঘাত করার চেষ্টা করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় একমাত্র সমাধান হলো জনগণের সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করা।
বিএনপি’র সদস্যপদ নবায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রহমান আরও বলেন “আজকের এই নবায়নের আনুষ্ঠানিকতা শুধু একটি সংগঠনের কার্যক্রম নয়, এটি একটি ঐক্যের আহ্বান। আমরা আজ সেই মানুষগুলোকেই আবারও একত্রিত করতে চাই, যাদের সমর্থন ও শক্তি নিয়ে বিএনপি দীর্ঘদিন রাজনীতির মাঠে টিকে আছে।”
তারেক রহমানের এ আহ্বান বিএনপির জন্য এক কঠিন বাস্তবতার সামনে দাঁড়ানোর বার্তা। বিএনপির প্রতিটি কর্মীকে বুঝতে হবে, জনগণই শেষ কথা। তাদের ভালোবাসা, আস্থা, এবং সমর্থন পেলে তবেই রাজনৈতিক শক্তি টিকে থাকতে পারে।
আজকের এই বাস্তবতায়, বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের প্রতিজ্ঞা করতে হবে যে তারা মানুষের জন্য, জনগণের পাশে দাঁড়াতে প্রতিনিয়ত কাজ করবেন। তারেক রহমানের এই বার্তা শুধুমাত্র বিএনপির নয়, দেশের প্রতিটি সচেতন নাগরিকের জন্য একটি সতর্কবার্তা—রাজনীতি হলো মানুষের সেবার মাধ্যম, ক্ষমতা নয়। জনগণই শেষ কথা।
গাজী সাইফুল 















