দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় নতুন করে আরও ১১ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে দেশে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে।
শুক্রবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে দুই শিশুর শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। বাকি নয়জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
অধিদপ্তরের তথ্যমতে, দেশে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৮৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৪১৪ জন।
সাম্প্রতিক মৃত্যুর ঘটনায় ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে শিশু নিশ্চিতভাবে হামে মারা গেছে। অন্যদিকে রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও রংপুর বিভাগে উপসর্গ নিয়ে একজন করে এবং সিলেট বিভাগে পাঁচ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৩২৯ জনে।
একই সময়ে আরও ১ হাজার ২৬১ শিশুর মধ্যে হামের লক্ষণ শনাক্ত হয়েছে। সব মিলিয়ে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ হাজার ৫৪০ জন।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা না গেলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। বিশেষ করে শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
নিজস্ব প্রতিবেদক 
















