রাজধানীর শাহবাগ থানা প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ঢাকা ইউনিভার্সিটি জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (ডুজা)।
শনিবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনটির বর্তমান সদস্যদের পাশাপাশি সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে ন্যক্কারজনক আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এসময় তারা বলেন, গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বারবার হামলা ও হয়রানির শিকার হচ্ছেন, যা গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করেন ঢাকা ইউনিয়ন অব জার্নালিস্টসের সভাপতি শহীদুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের নির্বাহী সদস্য মোহাম্মদ আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা। বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচি শেষে দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 













