দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সম্ভাব্য দলবদলের খবর। সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের প্রবণতা বাড়তে থাকায় এই আলোচনা আরও জোরালো হয়েছে।
বিশেষ করে রুমিন ফারহানা এবং মোহাম্মদ ইসহাক সরকার-এর নাম ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল তৈরি হয়েছে। জানা গেছে, সম্ভাব্য যোগদাতাদের তালিকায় রয়েছেন এই দুই নেতা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া মোহাম্মদ ইসহাক সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন। এ নিয়ে দলের সঙ্গে তার আলোচনা চলছে বলেও জানান তিনি।
অন্যদিকে, বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার এনসিপিতে যোগদানের সম্ভাবনাও রাজনৈতিক মহলে আলোচিত হচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি, তবুও সংশ্লিষ্ট সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে, শিগগিরই এ বিষয়ে স্পষ্টতা মিলতে পারে।
এরই মধ্যে গত রোববার (১৯ এপ্রিল) এবি পার্টি এবং আপ বাংলাদেশ থেকে কয়েকজন নেতা-কর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা এই রাজনৈতিক দলটি বিএনপি থেকে বহিষ্কৃত আরও কয়েকজন নেতার সঙ্গে যোগাযোগ রাখছে বলেও জানা গেছে।
বিভিন্ন দল থেকে নেতাদের এনসিপিতে যোগদানের এই প্রবণতা দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে। বিশেষ করে তরুণ নেতৃত্বের উত্থান এবং বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে এনসিপির অবস্থান আগামী দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
শাকিল মাহমুদ 















