আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, “জুলাই সনদ” বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই। শনিবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সংবিধান সংশোধনের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। একইসঙ্গে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি উল্লেখ করে মন্ত্রী সতর্ক করেন—কেউ যদি কৃত্রিম সংকট তৈরি বা বাজার অস্থিতিশীল করার চেষ্টা করে, তবে বিশেষ ক্ষমতা আইনের আওতায় কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, দেশের স্বার্থে খাল-নদী খনন ও দখলমুক্ত করা অত্যন্ত জরুরি, এবং এ বিষয়ে কোনো প্রভাবশালী ব্যক্তিকেও ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী শৈলকুপায় খাল খনন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
এ সময় জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 











