কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ.ক.ম. বাহাউদ্দিন বাহার এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ এবং অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের আদেশ অনুযায়ী, সাবেক এমপি বাহারের কুমিল্লার মনোহরপুর-মুন্সেফবাড়িতে অবস্থিত ১৫ শতক জমি ও একটি বাড়ি জব্দ করা হয়েছে। এই বাড়ি নির্মাণে আনুমানিক ১৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। জমির মূল্য ধরা হয়েছে ৩৮ লাখ ৮০ হাজার টাকা।
এছাড়া বাহার ও তার স্ত্রী মেহেরুন্নেছার নামে থাকা মোট ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এসব হিসাবের মধ্যে ৩৯ লাখ ৯৫ হাজার ২৬৭ টাকা জমা রয়েছে বলে জানা গেছে।
এর আগে গত ১১ মার্চ আদালতের আরেক আদেশে বাহার দম্পতির ঢাকার উত্তরায় থাকা দুটি ফ্ল্যাট জব্দ এবং চারটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
দুদক জানায়, বাহার দম্পতির বিরুদ্ধে ২ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৪৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শাহ জালাল আদালতে দাখিলকৃত আবেদনে উল্লেখ করেন, অভিযুক্ত আ.ক.ম. বাহাউদ্দিন বাহার বর্তমানে পলাতক এবং তিনি তার স্থাবর ও অস্থাবর সম্পদ অন্যত্র স্থানান্তরের চেষ্টা করছেন। মামলার সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়ার স্বার্থে এসব সম্পত্তি জব্দ ও হিসাব অবরুদ্ধ করা জরুরি হয়ে পড়েছে।
দুদকের পক্ষ থেকে বলা হয়, যদি এই সম্পত্তিগুলো মামলার নিষ্পত্তির আগেই অন্যত্র হস্তান্তর হয়ে যায়, তাহলে তা তদন্ত ও রাষ্ট্রের স্বার্থের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে।
নিজস্ব প্রতিবেদক 














