লালমনিরহাট পৌরসভা এলাকায় এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মফিজুর রহমান ওরফে জিএস বাবুকে আটক করেছে এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনা ঘটে গতকাল সোমবার বিকেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত জিএস বাবু লালমনিরহাট সরকারি কলেজের সাবেক জেনারেল সেক্রেটারি (জিএস) এবং জেলা যুবদলের সাবেক সভাপতি। অভিযোগে বলা হয়, স্কুলছাত্রীর বাবা ঢাকায় রিকশা চালান। ঘটনার সময় মা ও ভাই বাড়িতে না থাকায়, জিএস বাবু ওই ছাত্রীর বাড়িতে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন।
ভুক্তভোগী স্কুলছাত্রী জানান, ‘মা বাড়িতে ছিলেন না। তখন জিএস বাবু ঘরে ঢুকে আমাকে ডাকলে আমি কাছে যাই। আমার সঙ্গে জোরাজুরি করলে আমি চিৎকার করি। এলাকাবাসী ও আমার ভাই এসে তাকে হাতেনাতে আটক করে।’
এ ঘটনায় এলাকাবাসীর সহায়তায় জিএস বাবুকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী ছাত্রীর পরিবার জানিয়েছে, তারা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী জানান, “এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি নিয়ে কথা হচ্ছে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে ঘিরে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন এলাকাবাসী।
নিজস্ব প্রতিবেদক 















